শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন: মির্জা ফখরুল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার ভোটের মাধ্যমে জনগণই সরকার নির্বাচন করবে। তিনি বলেন, এবারের নির্বাচন আগের চেয়ে ভিন্ন। আগে প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও নৌকার মধ্যে, কিন্তু এবার নৌকা নেই। নৌকার প্রধান কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন এবং দিল্লিতে অবস্থান করছেন। এতে দেশ সংকটে পড়েছে। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক কাঠামো বজায় থাকত।
মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনে একটি নতুন প্রতীক সামনে এসেছে এবং যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন সরকার গঠনের চেষ্টা করছে।
সোমবার ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি হিন্দু ভোটারদের উদ্দেশে বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সবাই সাহস নিয়ে চলবেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সব সময় পাশে থাকবে এবং দল ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি রাজনীতিকে ব্যবসার মাধ্যম হিসেবে দেখে না, মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করে।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।
মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির অঙ্গীকার।
সভায় স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, ভয় না পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন