সিলেটে বিএনপির জনসভা, কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা করবেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন বিএনপি নেতা।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।
সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
দেখা গেছে, নেতাকর্মীর বিভিন্ন রঙের ক্যাপ পরে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। মঞ্চ প্রস্তুত হয়ে আছে। স্থাপন করা হয়েছে ডিজিটাল ব্যানার। মঞ্চের চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে সংরক্ষিত এলাকায় নেতাদের জন্য আসনও রাখা হয়েছে। মাঠের চারপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চৌহাট্টা, সড়ক, দাড়িয়াপাড়া সড়ক, দরগাঁ গেট সড়ক, মেডিকেল সড়ক, স্টেডিয়াম সড়ক, আম্বর খানা রোড, জিন্দাবাজার সড়ক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আলিয়া মাদ্রাসা মাঠের পাশাপাশি এসব সড়কে লোকজন সমবেত হবে।
ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।
এর আগে বুধবার সিলেট পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) এবং শেষে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও নামাজ আদায় করেন তিনি।
সিলেট আলিয়া মাদ্রাসায় র্বাচনি জনসভা থেকে আনুষ্ঠানিক প্রচার শুরুর কথা রয়েছে তারেক রহমানের।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন