মিয়ানমার গ্যাস তুলছে, বাংলাদেশে পড়ে আছে ২৬টি ব্লক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:১২ এএম
-
সংগৃহীত
২০১২ সালে ভারত-বাংলাদেশ-মিয়ানমারের ত্রিদেশীয় সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর গ্যাস উত্তোলন শুরু করে ভারত ও মিয়ানমার। অথচ বাংলাদেশের অংশে ২৬টি ব্লক থাকলেও এখনো সেগুলো থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
কক্সবাজারের কুতুবদিয়া এলাকার সীমানা ঘেঁষে মিয়ানমার প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করছে। এর পাশেই বাংলাদেশের গভীর সমুদ্রের ১২ ও ১৬ নম্বর ব্লক এবং অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লক রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, মিয়ানমার গ্যাস উত্তোলন করায় বাংলাদেশের অংশের গ্যাসও দেশটির দিকে চলে যেতে পারে।
এমআইএসটির অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, মিয়ানমার ওই এলাকায় গ্যাসক্ষেত্র উন্নয়ন করেছে, কিন্তু বাংলাদেশ এখনো একই পর্যায়ে কোনো গ্যাসক্ষেত্র উন্নয়ন করতে পারেনি। তার আশঙ্কা, মিয়ানমার গ্যাস উত্তোলন করলে বাংলাদেশের অংশের গ্যাসও তাদের দিকে চলে যেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে বাংলাদেশের গ্যাসই উত্তোলন করে বাংলাদেশকে বিক্রি করার পরিস্থিতি তৈরি হতে পারে।
সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশটি থেকে গ্যাস আমদানির আগ্রহ প্রকাশ করেছেন জ্বালানিমন্ত্রী। তবে বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার থেকে গ্যাস আমদানি করলে পরোক্ষভাবে বাংলাদেশের গ্যাসই আবার কিনে আনার সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিন ধরে দেশীয় গ্যাস উত্তোলনে যারা উদ্যোগ নেননি, তাদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, বাংলাদেশ নিজস্ব গ্যাস উত্তোলন না করে এলএনজি আমদানির দিকে ঝুঁকেছে। তার মতে, এ ধরনের নীতিতে দেশীয় সম্পদের পরিবর্তে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হয়।
অন্যদিকে, আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে আপত্তি নেই। তবে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের পাশাপাশি স্থলভাগেও বাপেক্সকে আরও সক্রিয় হতে হবে। ৪৮টি কূপ খননের যে লক্ষ্য নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে দৃঢ় থাকতে হবে।
এদিকে, মিয়ানমারের গণমাধ্যমগুলোর দাবি, রাখাইন রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশে গ্যাস রপ্তানির জন্য পাইপলাইন নির্মাণে আরাকান আর্মির বাধা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন