নদীভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম
-
সংগৃহীত
নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হিসেবে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদী ও খালপাড়ের ভাঙন প্রতিরোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা তুলে ধরে একটি উপস্থাপনা দেন।
উপস্থাপনায় তিনি জানান, বিন্না ঘাস নদী ও খালপাড়ের ক্ষয়রোধে কার্যকর, পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে। দেশের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এ ঘাস ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে এটি বাস্তবায়নের বিষয়েও সভায় আলোচনা হয়।
প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন