ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। সোমবার (২৭ জুলাই) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ ইবিএলের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য ছিলেন। এর আগে তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের ব্যবসার পরিধিতে রয়েছে সাপ্লাই চেইন সলিউশন, লজিস্টিকস, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, ই-কমার্স, অটোমোটিভ, ইলেকট্রনিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবা।
তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ওভাই’, ইনসুরটেক প্রতিষ্ঠান ‘ওয়াদাআ. ইনসিউর’ এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘যাত্রা’রও প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল ব্যাংকিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে। এ সময়ে পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বের বিকাশ, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবে। একই সঙ্গে গ্রাহকদের দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেও কাজ করবে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আনিস আহমেদের উদ্যোগে সুহানা ও আনিস আহমেদ ফাউন্ডেশনের (সাআফ) মাধ্যমে জুলাই বিপ্লবের ২৬৮ জন যোদ্ধাকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫ সালে ফাউন্ডেশনটির প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী উপকৃত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ফাউন্ডেশনটির প্রতিষ্ঠিত ৩১ শয্যার শিশু হেমাটোলজি ওয়ার্ড শিশুদের মৃত্যুহার কমানো এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন