সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে দীর্ঘদিনের অচলাবস্থা থেকে বের করে আবারও সক্রিয় ও কার্যকর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ।
সম্প্রতি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালে সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পৌঁছে দেন এবং গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।
এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেওয়ায় মালদ্বীপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। এই নীতির আলোকে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
দুই নেতা বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক আরও জোরদারে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করে সার্ককে নতুন করে সক্রিয় করার প্রয়োজনীয়তার বিষয়েও একমত হন।
মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর অবদানের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট মুইজ্জুও মালদ্বীপের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
সফর উপলক্ষে পরে প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক প্রীতি চা-চক্রের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, দেশটির মন্ত্রিসভার সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সন্ধ্যায় ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত একটি কূটনৈতিক সংবর্ধনায় যোগ দিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন