চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে তারা বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।

সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
চা শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কমিটিকে শিল্পের সমস্যাগুলো পর্যালোচনা করে বাস্তবসম্মত সুপারিশ দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন