ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শিক্ষার্থী ইকনের সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি ইকনের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোনে ইকনের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নিজেই ইকনের সঙ্গে কথা বলবেন।
ফারহান ইশতিয়াক বলেন, ইকনের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি এইচএসসি পরীক্ষা শেষে অর্থের অভাবে যেন তার লেখাপড়া বন্ধ না হয়, সে জন্য উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ শিক্ষাজীবনের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, “ইকনের খবরটি আমাদের নজরে এসেছে। মন্ত্রী মহোদয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন। আপাতত তার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে তার পড়াশোনা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
এর আগে, বাবার দাফন সম্পন্ন করে রাতে একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার খবর প্রকাশিত হলে ইকনের সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ তার খোঁজখবর নেন এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ নতুন আশার আলো দেখিয়েছে ইকন ও তার পরিবারকে।
ইকন জানান, অর্থাভাবে এ বছর প্রয়োজনীয় বইও কিনতে পারেননি তিনি। ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের আশায় কোরিয়ান ও চীনা ভাষাও শিখেছেন। তিনি বলেন, তার ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন। মা ভাইয়ের দেখাশোনা করেন এবং বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বাবাকে হারানোর বেদনার কথা তুলে ধরে ইকন বলেন, “বাবা আমাদের জীবনের বটগাছ ছিলেন। হঠাৎ করেই তিনি চলে গেলেন। যার বাবা নেই, সেই-ই শুধু বাবা হারানোর কষ্ট বুঝতে পারে।”
শিক্ষামন্ত্রীর সহায়তার ঘোষণা প্রসঙ্গে ইকন বলেন, “আমি কখনো ভাবিনি, আমার জীবনের গল্প এভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। শিক্ষামন্ত্রী স্যার আমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা শুনে নতুন করে সাহস পেয়েছি। যারা আমার সংগ্রামের গল্প সবার সামনে তুলে ধরেছেন এবং যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই, যেন লেখাপড়া শেষ করে একজন ভালো মানুষ হতে পারি এবং পরিবারের দায়িত্ব নিতে পারি।”
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন