সরকারি হাসপাতালে চিকিৎসকদের জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, মানসম্মত ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করেন।
বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা স্বাস্থ্যসেবার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে চলমান কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং সেবার মান নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে যেন তারা মানসম্মত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং প্রয়োজনীয় সব ধরনের সেবা নির্বিঘ্নে পান। চিকিৎসার জন্য যেন তাদের অন্য কোথাও ছুটতে না হয়, সরকারি হাসপাতালই যেন মানুষের আস্থার প্রধান কেন্দ্র হয়ে ওঠে।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে বর্তমানে থাকা ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলায় ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জনবল নিয়োগ এবং বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন