সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
-
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরু থেকে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪ হাজার ৩১৪ জন, যা মোট আগত অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।
শুধু জুন মাসেই সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন প্রায় ২ হাজার ৭৫৮ জন অভিবাসী। বছরের প্রথম ছয় মাসে জানুয়ারিতে ১ হাজার ৪৫৭ জন, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০ জন, মার্চে ২ হাজার ১৫০ জন, এপ্রিলে ২ হাজার ৪৫৯ জন, মে মাসে ৩ হাজার ৫৪ জন এবং জুনে ২ হাজার ৭৫৮ জন ইতালিতে পৌঁছেছেন।
দেশভিত্তিক তালিকায় বাংলাদেশের পর রয়েছে সোমালিয়া, যেখান থেকে এসেছেন ১ হাজার ৭০২ জন। এরপর রয়েছে সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), তিউনিসিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)।
এ ছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।
তবে সামগ্রিকভাবে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের একই সময়ে ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সেই তুলনায় চলতি বছরের ১৪ হাজার ৬২৩ জন যথাক্রমে ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।
এছাড়া ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত সমুদ্রপথে নথিভুক্ত আগমনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী যাচাই-বাছাই শেষে পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন