ঢাকা-১৫’র সমস্যা সমাধানে সরকার-বিরোধী দলের সমন্বয়ের উদ্যোগ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার (১ জুলাই) এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদসংলগ্ন গলি, বাইশটেকী সরকারবাড়ি মোড়, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মতবিনিময়ে স্থানীয়রা পানির সংকট, গ্যাসের সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, বাজারের অবৈধ দখল, যানজট, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দেন। বিরোধী দলীয় নেতার নির্বাচনী এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিদর্শনে পাওয়া তথ্যের ভিত্তিতে অগ্রাধিকার অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং খুব শিগগিরই বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ চূড়ান্ত করা হবে।
প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগের বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধানই তাদের মূল লক্ষ্য। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের উন্নয়নে সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সিটি করপোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তিতাস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন