রামপুরা হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় দুজনকে হত্যা ও আরও দুজনকে গুলি করার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৮ জুন) ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
একই মামলায় পুলিশের সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে শুধু চঞ্চল বর্তমানে হেফাজতে আছেন, বাকিরা পলাতক।
গত বছরের ৬ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ষড়যন্ত্র, অপরাধে সহযোগিতা, উসকানি, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা এবং কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই পুলিশের অভিযানের সময় রামপুরায় ছয় বছরের শিশু মুসা গুলিবিদ্ধ হয়। গুলি শিশুটির শরীর ভেদ করে তার দাদি মায়া ইসলামের শরীরে লাগে। মুসা চিকিৎসার পর বেঁচে গেলেও মায়া ইসলাম মারা যান। একই ঘটনায় মো. নাদিম নামের আরেকজনও নিহত হন।
এ ছাড়া ওই দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ১৮ বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তখন তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করা হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ছয়জন হত্যার ঘটনায় করা পৃথক মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন