সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে তুলে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে এখন থেকে আরও কম মূল্যে সিম কেনা যাবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাজেট অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, ‘বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘কর কমানোর উদ্যাগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।’
তবে এই সিদ্ধান্তে বড় অঙ্কের রাজস্ব ছাড় দিতে হচ্ছে সরকারকে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই কর প্রত্যাহারের ফলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আয় কমবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, সরকার আইসিটিকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে।
এদিকে, সিম কর প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মোবাইল অপারেটরগুলো।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন