জ্বালানি সংকটে অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করতে চায় সরকার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
সরকার দেশের শিক্ষাব্যবস্থায় অনলাইন ও অফলাইন মিলিত (ব্লেন্ডেড) শিক্ষাপদ্ধতি চালু করার প্রাথমিক চিন্তা করছে। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি অনলাইন শিক্ষাকেও আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, একটি জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে। তবে পুরোপুরি অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে ব্লেন্ডেড শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও প্রয়োগযোগ্য কি না তা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এছাড়া, মহানগরীর ট্রাফিক জট, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা, বৈদ্যুতিক বাস, মেট্রো এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন