দেশে নতুন চারটি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম সভা। সভায় দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাবসহ মোট ১১টি প্রশাসনিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় ছয়জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব উপস্থিত ছিলেন। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।
সভায় ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুন করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এছাড়া গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নরসিংদী জেলায় বিদ্যমান রায়পুরা থানাকে বিভক্ত করে নতুন একটি থানা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলার ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন