চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক মামলার এজাহার, চার্জশিট, সিসিটিভি ফুটেজ ও আসামিদের স্বীকারোক্তি যাচাই করে এ আদেশ দেন। আদালত আগামী ২ ফেব্রুয়ারি মামলা স্বাক্ষীর জন্য দিন ধার্য করেছেন।
মামলার ৩৯ জন আসামির মধ্যে ২৩ জন বর্তমানে কারাগারে আছেন। আজ আদালতে হাজির করা হয় এই ২৩ হাজতি আসামিকে, যার মধ্যে চিন্ময় দাসও রয়েছেন। বাকি ১৬ জন এখনও পলাতক।
আদালত চিন্ময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে ১৪৭/৪৪৮/৪৪৯/৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করেছে। এ সময় চিন্ময় দাস নিজেই প্রায় ২৫ মিনিট ধরে বক্তব্য দেন। পলাতক আসামিদের পক্ষে অ্যাডভোকেট দুলাল চন্দ্রনাথ এবং চিন্ময় দাসের পক্ষে অপূর্ব কুমার ভট্টাচার্য বক্তব্য উপস্থাপন করেন।
বিচার প্রক্রিয়া শেষে যখন চিন্ময় দাসকে আদালত কক্ষ থেকে বের করা হয়, তখন আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনজীবীরা তাকে লক্ষ্য করে ‘খুনী খুনী’ স্লোগান দিতে থাকেন। পরে কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালত থেকে সরিয়ে নেওয়া হয়।
বাদীপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, এটি একটি সংবেদনশীল ও আলোচিত হত্যা মামলা, যা জনগণ, আইনজীবী সমাজ, বিচারপ্রার্থী ও রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। রাষ্ট্রপক্ষ বিশ্বাস করে, প্রমাণাদির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা আদালত প্রাঙ্গণে উপস্থিত থেকে বলেন, আমরা সরকারের কাছে এই নৃশংস হত্যার সঠিক বিচার চাই। আমাদের প্রত্যাশা শুধুই ন্যায়বিচার।
মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়। কোতোয়ালি মোড় থেকে আদালতের মেইন গেট এবং সিনেমা প্যালেস মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়। কেবল পরিচয়পত্র যাচাই সাপেক্ষে আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালত চত্বরে প্রবেশ করতে পারতেন।
২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হলে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিজনভ্যান ঘিরে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন