দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১০ এএম
-
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর নয়। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৩২ বিলিয়নে পৌঁছেছে। তাঁর মতে, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি আইসিইউ থেকে কেবিন পর্যায়ে উন্নীত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও ভোটার উদ্দীপনা কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতে প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছিল, কিন্তু বর্তমান সরকার দেড় বছরে তা উত্তোলন করতে সক্ষম হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য যেকোনো সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হয়। আমাদের কিছু সংস্কার ইতিমধ্যেই করা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্যই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্নে তিনি বলেন, “ভোট হবে কেন হবে না? এখন আর রাজনৈতিক চাপ নেই। কোনো বিশেষ দল টাকা দিয়ে আসতে পারবে না। সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট সম্ভব। আমরা চাই ভালো ও ত্যাগী মানুষ নির্বাচিত হোক, জনদরদি মানুষ আসুক।”
বক্তব্য শেষে তিনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোট স্টলগুলো পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন