‘বদলি’ নিয়ে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
-
ছবি: সংগৃহীত
অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর এসেছে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১০ নভেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।
এদিন দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত।
এই বৈঠকে বদলি কার্যক্রমের বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার একটি গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সাথে বসেছেন সেহেতু আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যদি যথাসময়ে বদলি চালু না হয় তাহলে কঠোর আন্দোলনে নামব আমরা।’
এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।
সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন