খালেদা জিয়ার কথা স্মরণ করে যা বললেন বিএনপি নেতা জাহিদ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাতৃস্নেহের’ কথা স্মরণ করলেন তার ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করা দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে আবেগঘন কণ্ঠে তিনি ব্যক্তি খালেদা জিয়াকে স্মরণ করেন।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর এদিন ভোর ৬টায় মারা যান তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়ে বিফ্রিং করতেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ ছিলেন, আমরা যারা ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে। আমরা দেখেছি, উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেক দিকে মাতৃস্নেহে উনি আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে বাসা থেকে কেউ যেতে পারতো না।
জাহিদ হোসেন বলেন, ডাক্তারদের কি খাইয়েছেন? এগুলো সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিলেন, সহায়তা করতেন, তাদের জিজ্ঞাসা করতেন। উনি বলে দিতেন, আজকে এটা দিবা।
তিনি বলেন, কোনো দিন (চিকিৎসক) যেতে একটু দেরি হলে জিজ্ঞাসা করতেন, এত দেরি কেন হল? আমি তো বসে আছি। অর্থাৎ চিকিৎসকরা কখন যাবেন, উনি যখন বাসায় থাকতেন, তখন প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসকরা তার বাসায় যেতেন। উনি সবার সাথে কথা বলতেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন