শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
- স্টাফ রিপোর্টার
- প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
-
রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হরেন, আবুল কালাম আজাদ (৬৫), মোঃ রাসেল (২০), মোঃ আতিকুল (২৫), মোঃ রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছে।
মামলাটি তদন্তকালে আদাবর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সোমবার আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালাম আজাদ, মোঃ রাসেল, মোঃ আতিকুল, মোঃ রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত শ্যামলী হাউজিংয়ে হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে চাপাতি ও দেশীয় অস্ত্র হাতে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন