গাজীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে জুট গোডাউনে আগুন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রোববার (২৩ আগস্ট) ভোরে অটোরিকশা চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৫৩ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনের ভেতরে থাকা আগুনের উৎস ও জ্বলন্ত মালামাল পুরোপুরি নির্বাপণ করে নিরাপদ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
স্থানীয়দের ভাষ্য, ভোরে গোডাউনের ভেতরে একটি অটোরিকশা চার্জে দেয়া ছিল। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। আগুনে সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গোডাউনের মালিকপক্ষের সদস্য হাবিবুর রহমান বলেন, ‘হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনে থাকা সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ‘ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন