কমলনগরে ‘ভূমিদস্যু’ বাহারের বিরুদ্ধে মানববন্ধন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম
-
সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাহার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল ও স্থানীয়দের হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তবে মানববন্ধনে উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বাহার হোসেন। একই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর পাগলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বাহার ওই এলাকার সিরাজের ছেলে।
মানববন্ধনকারীদের অভিযোগ, জমি দখল করতে না পেরে বাহার হোসেন বিভিন্নভাবে স্থানীয়দের হয়রানি করে আসছেন। এমনকি একটি অসুস্থ গরুর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখিয়ে প্রতিপক্ষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, চর পাগলা মৌজার ডিয়ারা ১১ নম্বর খতিয়ানের ৩৭৮ ও ৩৭৯ দাগে সুলতান ও তোফায়েলের কাছ থেকে ২১৪৩ নম্বর দলিলের মাধ্যমে ১ একর ৪৪ শতক জমির মালিক হন অজুফা খাতুন। পরে ২০১০ সালে ৩৪৬৮ নম্বর দলিলের মাধ্যমে অজুফা খাতুনের কাছ থেকে ৮০ শতক জমি ক্রয় করেন তিনি।
এছাড়া আরএস ৭৭৩ নম্বর খতিয়ানের ৯৪৬ দাগে ৪০ শতাংশ জমি তার স্ত্রী মনোয়ারা বেগম ২২ নম্বর দলিলের মাধ্যমে বাহার উদ্দিনের কাছ থেকে ক্রয় করেছেন বলে দাবি করেন নুরুল ইসলাম। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এসব জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
নুরুল ইসলাম আরও জানান, ২০৫৩ নম্বর দলিলের মাধ্যমে ৪০ শতক এবং ২৪০০ নম্বর দলিলের মাধ্যমে আরও ৪০ শতক মোট ৮০ শতক জমি নামজারি ও জমা খারিজের মাধ্যমে দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে রয়েছে।
তার অভিযোগ, ওই জমির ওপর বাহার হোসেনের নজর পড়ে। তিনি জমিটি ইজারা নেওয়া হয়েছে দাবি করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার চেষ্টা করেন, এতে তারা বাধা দেন।
মানববন্ধনে নুরুজ্জামান, হোসেন, মনোয়ারা বেগম ও মো. দুলালসহ স্থানীয়রা অভিযোগ করেন, বাহার হোসেন বিভিন্ন সময় নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করছেন এবং অন্যের জমি দখলের চেষ্টা করছেন। জমির মালিকরা সেখানে আমনের চারা রোপণ করায় তিনি ক্ষুব্ধ হয়ে তাদের হয়রানি করছেন বলেও দাবি করেন তারা।
তাদের আরও অভিযোগ, বাহারের গরুর খামারের একটি অসুস্থ গরু মারা যাওয়ার পর সেটিকে হত্যা করা হয়েছে দাবি করে থানায় অভিযোগ করা হয়।স্থানীয়দের দাবি, গরুটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।
অভিযোগগুলোর বিষয়ে বাহার হোসেন মানববন্ধনে উপস্থিত হয়ে তা অস্বীকার করেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
অভিযুক্ত বাহার বলেন, জমির একটি অংশ তিনি ক্রয় করেছেন। অন্য অংশ মালিকদের কাছ থেকে লীজ নিয়েছেন। ওই জমিতে গরুর জন্য ঘাস চাষ করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন ঘাসের জমিতে হালচাল করে নষ্ট করে দেয়। এছাড়া তার খামারের একটি গরুর শরীরে প্রতিপক্ষের লোকজন আঘাত করেছে। এতে অসুস্থ হয়ে মারা গেছে।
এ বিষয়ে জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের মোবাইল ফোনে কল দিলে তিনি ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়রা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষভাবে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন