সাভারে বাড়ি ঘিরে সিটিটিসির অভিযান, বোমা ও জেএমবির লিফলেট উদ্ধার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম
-
সংগৃহীত
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বেশ কিছু লিফলেট উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া এসব আলামতের সঙ্গে জেএমবির কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার রাতে তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন ওই বাড়িতে অভিযান শুরু করে সিটিটিসি। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের বাড়িটিতে অভিযান চালানো হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিট হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শ্যামপুরের ওই বাড়িতে সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেন।
ওসি জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া আলামতগুলোকে জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। অভিযানে বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট, বোমা এবং উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান এখনো চলছে জানিয়ে সাইফুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাড়িটি ঘিরে রাখার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, যে বাড়ি থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা জানান, ভাড়াটিয়াদের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না।
ইলমা বলেন, ‘আব্বাস আলী নামে একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে এসেছিলেন। গত ২ আগস্ট আমরা তাদের বাসা ভাড়া দিই। তারা জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী হিসেবে সেখানে থাকবেন এবং পাশের একটি স্কুলে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করাবেন। পরিবার নিয়ে থাকবেন বলেই আমরা তাদের বাসা ভাড়া দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘তারা জানিয়েছিল, তারা ড্রাইভিংয়ের কাজ করেন। বাসার ভেতরে এত কিছু লুকিয়ে রাখবে, সেটা আমরা কোনোভাবেই জানতাম না। আমরা তাদের সাধারণ ভাড়াটিয়া হিসেবেই বাসা ভাড়া দিয়েছিলাম।’
সাভার, জেএমবি, বোমা
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন