পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, প্রশ্নের মুখে পাঠদান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম
-
সিসিএন বিজি
একজন পরীক্ষার্থী নিয়ে বিদ্যালয়, পাস করেনি সে-ও; ২১ পরীক্ষার্থী নিয়ে দাখিল মাদ্রাসাতেও শূন্য | দুটি বিদ্যালয়ের একটিরও নেই সাইনবোর্ড, একটিতে ১০০ শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ১০ জন ।
পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বোদা উপজেলার দুটি বালিকা উচ্চবিদ্যালয় ও তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসা রয়েছে। তিন প্রতিষ্ঠানে মোট ২৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে একটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। তিনিও ফেল করেছেন।
শুধু ফলাফল নয়, এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিনে বোদা উপজেলার একটি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও দুপুরে উপস্থিত ছিল মাত্র ১০ জনের মতো। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদেরও পাওয়া যায়নি। এমনকি বিদ্যালয়টির কোনো সাইনবোর্ডও দেখা যায়নি।
শূন্য পাস করা প্রতিষ্ঠান তিনটি হলো বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে। বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। আর তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকার কথা। কিন্তু দুপুরে উপস্থিত ছিল মাত্র ১০ জনের মতো। এ সময় বিদ্যালয়ে তিনজন শিক্ষককে পাওয়া যায়। তবে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদের পাওয়া যায়নি। বিদ্যালয়ের কোথাও কোনো সাইনবোর্ডও দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও এখনো এটি এমপিওভুক্ত হয়নি।
বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়েও কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। বিদ্যালয়ের একটি কক্ষ বন্ধ অবস্থায় দেখা যায়। পাশেই টিনের ছাউনি দেওয়া একটি বড় ঘর রয়েছে। তবে সেখানে দরজা-জানালা কিংবা বেড়া নেই। বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পর্কেও উপজেলা শিক্ষা কার্যালয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি ও এবারের ফলাফল সম্পর্কে বক্তব্য জানতে প্রধান শিক্ষকদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী, বোদা উপজেলার দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী ছিল, সে ফেল করেছে। আর বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে তিনজনই ফেল করেছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন