চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, সিভিল সার্জনকে বদলির নির্দেশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
-
সংগৃহীত
চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবার মান ও হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন তিনি।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে পূর্বঘোষণা ছাড়াই চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি। চিকিৎসাসেবা নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও অভিজ্ঞতার কথা শোনেন মন্ত্রী।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন