সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে আহত করলো ছেলে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আকলিমা আক্তার রোজীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী আকলিমা আক্তার রোজীর অভিযোগ, তার স্বামী জহিরুল ইসলাম খোকনের সঙ্গে বিয়ের আগে তার আগের সংসারের একটি ছেলে ছিল, যার নাম রাজু হোসেন। দীর্ঘদিন ধরে রাজু তার মায়ের কাছে বিভিন্নভাবে সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বিরোধ ও বাকবিতণ্ডাও হয়েছে। কিন্তু আকলিমা আক্তার রোজী সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানালে রাজু ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, রোববার বিকেলে রাজু তার স্ত্রী তাসলিমাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যান। একপর্যায়ে তারা ঘরে প্রবেশ করে সম্পত্তি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে আবারও চাপ প্রয়োগ করেন। এতে তিনি রাজি না হলে দুজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা ঘরে থাকা নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে অভিযুক্ত রাজু হোসেন রাসেল ও তার স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি তার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন