সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরি ঘটনা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে পৌরসভার আটিয়াতলি এলাকায় অহরহ চুরির ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সুজন নামে এক যুবক এলাকায় ঢুকলেই চুরির ঘটনা ঘটে। বাড়ির হাড়ি-পাতিল থেকে শুরু করে সবকিছুই সে চুরি করে। সম্প্রতি পুকুরের মাছ, একটি ঘরের হাড়ি-পাতিল, মোবাইল ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নাম্বার ওয়ার্ডের আটিয়াতলি মামুনের দোকান এলাকায় সুজনের বিরুদ্ধে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এসময় চুরির বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযুক্ত সুজন একই এলাকার সেকান্তর মিয়ার ছেলে।
মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় খাসের বাড়ির কামাল হোসেনের মোটরসাইকেল, মোবাইল ও স্বর্ণালংকার, একই এলাকার আব্দুল গফুরের অটোরিকশা, তামান্নার মোবাইল, ইব্রাহিমের বাইসাইকেল ও শাহাদাতের পুকুরের মাছ চুরির ঘটনা ঘটেছে। এদিকে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে নাজিম উদ্দিন নামে দোকানিকে মারধর করে অভিযুক্ত সুজন। পরে স্থানীয় লোকজনও সুজনকে মারধর করেছে বলে জানা গেছে।
মো. ইব্রাহিম বলেন, সুজন এলাকায় আসলেই চুরির ঘটনা ঘটে। আমার বাইসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
দোকানি নাজিম উদ্দিন বলেন, সুজন মাদকসেবী এবং ব্যবসাও করে। মানুষের বাড়ির হাড়ি-পাতিল থেকে শুরু করে চোখের সামনে যা পায়, সে সবই চুরি করে থাকে। তার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
অটোরিকশা চালক আব্দুল গফুর বলেন, আমার নতুন অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে। স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়নি।
এ ব্যাপারে বক্তব্য জানতে মো. সুজনের মোবাইলফোন নাম্বারে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরে আহত হয়ে সুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, চোর-ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যদি সুজন চুরির ঘটনায় জড়িত থাকে। তদন্ত করে অবশ্যই তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন