অনলাইন জুয়ার দেনার চাপে যুবকের আত্মহত্যা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ার পর সৃষ্ট দেনার চাপ ও মানসিক অবসাদের মধ্যে বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৩ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিপুল একই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ডাকাডাকির পরও বিপুলের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, বিপুলের সঙ্গে কারও ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিরোধ ছিল না। তবে কয়েক দিন ধরে তিনি অস্বাভাবিকভাবে চুপচাপ থাকতেন। দোকানে গেলেও তাঁকে সব সময় চিন্তিত দেখা যেত এবং রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। দুই দিন আগে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যেতে রাজি হননি।
প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিপুলের ব্যবসা আগে ভালোই চলছিল। কিন্তু সম্প্রতি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ব্যবসায় লোকসান বাড়তে থাকে এবং ধারদেনাও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার কারণে তাঁর প্রায় ১৮ লাখ টাকার দেনা হয়েছিল। ব্যবসার ক্ষতির পাশাপাশি ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য রাখা অর্থও হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
তবে বিপুলের আত্মহত্যার কারণ হিসেবে অনলাইন জুয়া ও দেনার বিষয়টি স্বজন ও স্থানীয়দের দাবি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন