ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
মৃত রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রী রামসহ বেশ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালীন আকস্মিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে থাকা একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অসাবধানতাবশত ওই দোকানের দেয়ালের গায়ে হাত দেন রাম। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন