মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন একই এলাকার তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় মামাতো-ফুপাতো দুই বোন ও তাদের খালা। দীর্ঘ সময় পার হলেও তারা পানির ওপর ভেসে না ওঠায় বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তিনজনকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ফাতেমা ও আয়েশা স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সুমাইয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, একই পরিবারের তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। ঘটনার পর থেকে চর আহমদপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন