যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। তবে শুধু গ্রেপ্তার বা আইন প্রয়োগ করলেই হবে না, মাদক প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন এবং বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত আইন চূড়ান্ত করার প্রক্রিয়া সংসদে চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা জরুরি।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদকের অপব্যবহার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট ফরিদ রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন