মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে অজুখানায় যায় কয়েকজন ছাত্র। এ সময় হঠাৎ অজুখানার ওপর বজ্রপাত হলে চারজন ছাত্র গুরুতর আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মনোহরদী উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া-এর নির্দেশনায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতদের স্বজনদের হাতে মনোহরদীর ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহান সহায়তার অর্থ তুলে দেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন