নরসিংদীর মনোহরদীতে দুই বেসরকারি হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:১২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকার লাইফ কেয়ার হসপিটাল ও রাজিব প্রাঃ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় হাসপাতাল দুটির ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজির সরঞ্জাম ও রিএজেন্ট পরীক্ষা করা হয়। অভিযানে লাইফ কেয়ার হসপিটালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ার দায়ে ৫০ হাজার টাকা এবং রাজিব প্রাঃ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উভয় হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথলজির পরিবেশ উন্নয়নসহ সেবার মান বৃদ্ধির অঙ্গীকার করেছে।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন