বর্ষার আগেই করইতলা ইসলামগঞ্জ সড়ক সংস্কারের দাবি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের কমলনগরের করইতলা থেকে ইসলামগঞ্জ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক হাজার মানুষ। বর্ষা মৌসুম শুরুর আগেই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের মাঝখান দেবে গেছে। ছোট যানবাহনগুলোকে গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করইতলা ইসলামগঞ্জ সড়কটি কমলনগরের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। এ সড়ক ব্যবহার করে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী যাতায়াত করেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, বাজারে যাওয়া এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরেই সড়কটির অবস্থা খারাপ থাকলেও গত এক বছরে তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছরেই সড়কটিতে অন্তত ৩০টির বেশি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা। এতে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা রাশেদ আহমেদ বলেন, সড়কটি এখন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে বর্ষা শুরু হলে অবস্থা আরও ভয়াবহ হবে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, খানাখন্দের কারণে প্রায়ই রিকশা ও সিএনজি বিকল হয়ে যায়। যাত্রীদের নিয়েও আতঙ্কে থাকতে হয়। প্রতিদিন এ সড়কে চলাচল করা মানেই ভোগান্তি।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন