জাতীয় খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করবে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:৩৪ এএম
-
ছবি: সংগৃহীত
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ইন্সট্রাক্টর হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র আয়োজিত ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে পাঠ্যপুস্তকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম চালু করা হয়েছে এবং ট্যালেন্ট হান্টের মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক। আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। সভাপতিত্ব করেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন