অটোরিকশা ছিনতাই করতেই কিশোর চালক হত্যা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে ৩০০ টাকা ভাড়া নির্ধারণের পর নির্জন বাগানে নিয়ে চালক রাজিব হোসেনকে (১৪) হত্যা করা হয়। ঘটনাটি ঘটিয়েছে গিয়াস উদ্দিন শরীফ (৪০) নামে এক যুবক। রিকশার চাবি না দেওয়ায় লোহা দিয়ে মাথায় আঘাত করে তিনি রাজিবকে হত্যা করে মরদেহ বাগানে ফেলে রাখে। পরে রিকশাটি পাশের এক বাড়িতে রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঘাতক গিয়াসের জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (৪ মে) চাঁদপুরের সদর উপজেলার বাঘাদি ইউনিয়নের চৌরাস্তা নামক স্থান থেকে গিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। ২ মে রাজিবের মরদেহ উদ্ধারের পর তার বাবা বাবা মো. মোস্তফা বাদি হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের। এর প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মূল রহস্য উদঘাটন করে পুলিশ।
গ্রেপ্তার গিয়াস গিয়াস পাশ্ববর্তী উত্তর চরআবাবিল ইউনিয়নের চরপাঙ্গাসিয়া গ্রামের খোরশেদ আলম বেপারীর ছেলে।
পুলিশ জানায়, ১ মে সন্ধ্যার দিকে চালক রাজিব অটোরিকশা নিয়ে স্থানীয় ফজু মোল্লার স্টেশনে বসে ছিলেন। সেখান থেকে গিয়াস ওরফে সোহেল বয়াতি ওই এলাকার ঝাউডগী গ্রামে যাবার জন্য ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করে তার অটোরিকশায় উঠে। তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে উত্তর চরআবাবিল ইউনিয়নের কেওড়াডগি গ্রামের বাবুল মাষ্টার এবং বীরেন্দ্র মাস্টারের সুপারি বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে অটোরিকশার চাবি কেড়ে নিতে চায় গিয়াস। চালক রাজিব রাজি না হলে রিংগুটি নামক যন্ত্র দিয়ে ভিকটিমকে মাথায় আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে অটোরিকশাটি জনৈক বিষ্ণু মজুমদারের বাড়িতে রেখে গিয়াস পালিয়ে যায়। পরদিন রাজিবের মরদেহ উদ্ধার করা হয়। ভিকটিম রাজিব রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের মো. মোস্তফার ছেলে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জিজ্ঞাসাবাদে আসামি গিয়াস হত্যাকান্ডের কথা স্বীকার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন