থানায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়নকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্খী জানায়, দুর্বৃত্তরা সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় সে থানায় মামলা করতে যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে।
তবে নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, কি একটা কাজে নয়ন যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে থানা এলাকার বাহির থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানায় কোন মামলা করতে আসেননি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন