হাম-নিউমোনিয়ার সঙ্গে লড়াই শেষে ৬ মাসের আয়মানের মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
হাম ও নিউমোনিয়ার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছে মাত্র সাড়ে ৬ মাস বয়সী শিশু আয়মান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো এলাকায়। আয়মান পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা প্রবাসী আবু তালেবের ছেলে। তার বাবা সৌদি আরবে কর্মরত এবং মা লামিয়া সন্তানকে নিয়ে দেশে অবস্থান করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের এক সপ্তাহ পর দাদাবাড়ি ফরিদপুরের রাজবাড়ীতে বেড়াতে গেলে সেখানে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় আয়মান। প্রথমে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় ফরিদপুরের জায়েদ মেডিকেলে তিন দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠে সে। কিন্তু গত ১৯ এপ্রিল হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হাম ও নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। এরপর দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।
উন্নত চিকিৎসার জন্য ২৭ এপ্রিল তাকে ঢাকায় নেওয়া হয়। ২৯ এপ্রিল ডেমরার মাতুয়াইল এলাকার একটি হাসপাতালে ভর্তি করে পিআইসিইউতে রাখা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া শুরু হয়।
কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ১ মে তাকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ২ মে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সবশেষে ৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর একটি নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানে ছোট্ট আয়মান।
এদিকে, আয়মানের মৃত্যুতে হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছিল।
মৃত আয়মানের মামা, কলেজ শিক্ষক সোহেল আহম্মেদ অভিযোগ করে বলেন, হাসপাতালে নিয়মিত অনেক শিশু মারা যাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। তার দাবি, প্রতিদিন যে সংখ্যক মৃত্যুর খবর প্রকাশিত হচ্ছে, বাস্তবে তা আরও বেশি।
স্থানীয়দের মতে, প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও হাম এখনও এভাবে প্রাণ কেড়ে নিচ্ছে এটি অত্যন্ত উদ্বেগজনক। তারা সময়মতো টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ছোট্ট আয়মানের মৃত্যুতে একটি পরিবার হয়ে পড়েছে নিস্তব্ধ, থেমে গেছে তাদের অনেক স্বপ্ন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন