নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শান্ত বণিক, নরসিংদী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি প্রথমে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মিড ডে মিলের মান যাচাই এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মান উন্নয়ন না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন। বিদ্যালয়ে সরবরাহকৃত বনরুটিতে সন্দেহজনক গন্ধ পাওয়ায় দুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মিড ডে মিল কর্মসূচির খাবারের মান পর্যবেক্ষণ শুরু হয়েছে এবং কোথাও যেন কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। শিশুদের পড়ালেখার মানও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খাবারের মান নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তিনি নিজেই সরেজমিনে যাচাই করছেন। এ বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বসহকারে মনিটরিং করছে এবং প্রয়োজনে পুরো কাঠামো পরিবর্তন করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়নের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইংলিশ ও আইভি মিডিয়ামের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক কারিকুলাম তৈরি করা হচ্ছে, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন