ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক আটক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক নিশাদ ইসলাম সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন নিশাদ। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করে তাতে আপত্তিকর মন্তব্য যুক্ত করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে তিনি সেটি মুছে ফেলেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে নিশাদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন