পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড় জেলায় সোমবার থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনে ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় মোট ১ হাজার ১০৯টি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। এসব কেন্দ্রে কাজ করবে ১৪৩ জন টিকাদান কর্মী। লক্ষ্যমাত্রা অনুযায়ী কোনো শিশু যেন বাদ না পড়ে, সে জন্য ২৬৪টি অতিরিক্ত টিম কাজ করবে এই ক্যাম্পেইনে।
রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। ব্রিফিংয়ে হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান সাকিব।
সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশু ছাড়াও যেকোনো বয়সে এ রোগ হতে পারে। তবে শিশুদের মধ্যেই এর প্রকোপ, জটিলতা এবং মৃত্যুহার বেশি দেখা যায়।
তিনি আরও বলেন, হামের জটিলতার মধ্যে রয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনসেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতা ইত্যাদি। এসব জটিলতা থেকে রক্ষা পাওয়ার সর্বোত্তম উপায় হলো নির্ধারিত সময়ে শিশুকে হামের টিকা প্রদান করা।
ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন