পাওনা টাকা দিতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইলফোনে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, পাওনা টাকা দিবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইলফোনে ডেকে নেয়। সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দিবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইলফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন