দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্যুর এন্ড ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মোশারফ হোসেন বাবু (৫৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন বাসযাত্রী। স্থানীয় ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন