নরসিংদীতে বিএসটিআইয়ের অভিযান: ৪ প্রতিষ্ঠানে জরিমানা, ২ জনের কারাদণ্ড
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মেসার্স খন্দকার অটো পার্টস অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে বীরপুর সিএনজি স্ট্যান্ডে এক তেল বিক্রেতাকে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পৌরসভা মোড় এলাকায় অবস্থিত মেসার্স জনতা বেকারী অ্যান্ড কনফেকশনারিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রি করায় ‘ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে চৌয়ালা এলাকার মেসার্স মৌমিতা বেকারীকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাহেপ্রতাপ এলাকার আজাদ ফিলিং স্টেশন, ভুইয়া সিএনজি অ্যান্ড কনভার্সন এবং পাচদোনা এলাকার ভুইয়া সিএনজিতে ডিজেল বিক্রি ও পরিমাপ স্বাভাবিক পাওয়া যায়। তবে অকটেন ও পেট্রোল স্টোরেজ ট্যাংকে কোনো তেল পাওয়া যায়নি।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা জাহান সরকার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন