ঈদের খুশিতে মানবিকতার ছোঁয়া ঘরবন্দি যুবকের দোরগোড়ায় জেলা প্রশাসক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালী প্রতিনিধি: ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী। দীর্ঘ ৮ বছর ধরে ঘরবন্দি থাকা এক তরুণের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দিলেন একটি হুইলচেয়ার।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার প্রত্যন্ত মিঠাপুর গ্রামে কৃষক এনছান মিয়ার ছেলে বায়েজিদ (২২)-এর খোঁজখবর নেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রায় আট বছর আগে পরিবারের হাল ধরতে গিয়ে প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হন বায়েজিদ। সিমেন্টের বস্তা কাঁধে তুলতে গিয়ে ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। এরপর থেকেই সীমাবদ্ধ হয়ে যায় তার জীবন, আটকে পড়েন ঘরের চার দেয়ালের মাঝে।
দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে ভেঙে পড়ে। এমনকি চলাফেরার জন্য প্রয়োজনীয় একটি হুইলচেয়ারও ছিল না তার। বিষয়টি প্রশাসনের নজরে এলে ঈদের দিনই তার বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার উপহার দেন জেলা প্রশাসক।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত বায়েজিদ বলেন, “এক দুর্ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। চিকিৎসা করাতে গিয়ে পরিবার নিঃস্ব। জেলা প্রশাসক স্যার ঈদের দিনে আমার বাড়িতে এসেছেন—এটা আমার জীবনের বড় পাওয়া।”
জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী বলেন, “তরুণটি দীর্ঘদিন ঘরবন্দি ছিল। একটি হুইলচেয়ারের অভাবে বাইরে বের হতে পারছিল না। বিষয়টি জানার পর তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের দিনে তার সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে।”
ঈদের দিনে এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং নতুন করে ছড়িয়ে দিয়েছে সহমর্মিতার বার্তা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন