মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মানববন্ধন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজশাহী প্রতিনিধি: জুলাই–আগস্টে স্বৈরাচারবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সরকারি সিটি কলেজ ও শাহ মখদুম কলেজের শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল।
রোববার (১৫ মার্চ) দুপুর আড়াইটায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় জড়িত শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ‘জুয়েল কেমিস্ট’-এর মালিক আসাদুজ্জামান জুয়েল ছাত্রদলের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন।
মানববন্ধনে বলা হয়, শাহ মখদুম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মারুফ শিহাব এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বক্তারা দাবি করেন, এই দুই নেতা অতীতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা আরও বলেন, শিক্ষকতার আড়ালে থাকা আসাদুজ্জামান জুয়েল একজন চিহ্নিত আওয়ামী লীগ সমর্থক এবং তার বিরুদ্ধে অস্ত্র ও অর্থসহায়তার অভিযোগেও মামলা রয়েছে। মানববন্ধনে প্রশাসনের কাছে দাবী জানানো হয়—চন্দন ও শিহাবকে মুক্তি দিতে হবে এবং আসাদুজ্জামান জুয়েলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ফরহাদ, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাহি, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এএইচএম শফিক মাহমুদ তন্ময় এবং শাহ মখদুম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম খানসহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন