পঞ্চগড়ে অভাবের তাড়নায় ডাকাতির পরিকল্পনা, আটক ৬
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ে অভাবের তাড়নায় প্রতিবেশীর বাড়িতে ডাকাতির পরিকল্পনাকারীসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৬ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মজিবর রহমান, রমজান আলী, সাদ্দাম হোসেন, আশিক, জুবায়ের ও ঘটনার মূল পরিকল্পনাকারী আলম। অভিযানকালে তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন, সিম কার্ড এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় প্রিন্সিপাল মফিজার রহমান কলেজের অধ্যক্ষ মো. নুরুল্লাহর বাড়িতে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন লুটে নেয়। এই ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৪ মার্চ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৫ মার্চ রাতে মূল পরিকল্পনাকারী ও নুরুল্লাহর প্রতিবেশী আলমকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আলম দীর্ঘদিনের অভাব-অনটনের কারণে এবং প্রতিবেশী নুরুল্লাহর কাছে জমি বর্গা না পেয়ে ক্ষুব্ধ ছিলেন। নুরুল্লাহ হজে যাওয়ার সুযোগে আলম তার সহযোগীদের নিয়ে এই ডাকাতির পরিকল্পনা করেন। ঘটনার দুই দিন আগে পরিকল্পনা সাজিয়ে তারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মালামাল লুট করে। লুণ্ঠিত নগদ টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। বর্তমানে গ্রেফতারকৃতদের মধ্যে আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বাকি ৫ জন পুলিশ রিমান্ডে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই চক্রটি একটি আন্তঃজেলা ডাকাত দল এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন