শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম দুর্ভোগ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
-
গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগের পড়েছেন ওই ট্রেনের যাত্রীরা। তবে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ট্রেনটি গাজীপুরের শ্রীপুর স্টেশনে প্রবেশের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতি শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে আর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বর্তমানে বিকল ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়ানো রয়েছে। তবে ১নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বিকল ট্রেনের কিছু যাত্রীরা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিছু যাত্রী সড়ক পথে আবার কিছু যাত্রী স্টেশনেই অপেক্ষা করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিকল্প ইঞ্জিন এনে হয়তো ট্রেন চালানো হতে পারে বা মেরামতের সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন