সংবাদকর্মীদের সাময়িক বরখাস্তে মঞ্চ ২৪-এর উদ্বেগ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
সংবাদকর্মীদের ওপর অবৈধ হস্তক্ষেপ ও আদর্শিক অবস্থানের কারণে দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মঞ্চ ২৪। সংগঠনটি এ ঘটনাকে জুলাই-পরবর্তী বাংলাদেশের মূল অঙ্গীকারের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ২০০০ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত জুলাই-পরবর্তী বাংলাদেশের মূল অঙ্গীকার ছিল বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে সংবাদকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ সেই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম একটি স্বাধীন রাষ্ট্রের অন্যতম ভিত্তি। ভিন্নমত বা রাজনৈতিক পটভূমির অজুহাতে কোনো সাংবাদিকের পেশাগত নিরাপত্তা ক্ষুণ্ণ করা হলে তা গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে। অভিযোগ থাকলে তা স্বচ্ছ তদন্ত, প্রতিষ্ঠিত নীতিমালা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত বলেও উল্লেখ করা হয়।
মঞ্চ ২৪ আরও জানায়, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে কিছু গণমাধ্যম ও ব্যক্তি সাংবাদিক পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছিলেন এবং বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে একপাক্ষিক প্রচারণা চালিয়েছিলেন এ ইতিহাস জনগণের স্মৃতিতে রয়েছে। তবে অতীতের ভুলের প্রতিকার নতুন অন্যায়ের মাধ্যমে হতে পারে না। ন্যায়ভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আইন ও নীতির আলোকে, প্রতিহিংসার ভিত্তিতে নয়।
বিবৃতিতে দেশ নায়ক তারেক রহমান-এর নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতি তিন দফা আহ্বান জানানো হয়। সেগুলো হলো-
১. সংবাদকর্মীদের বিরুদ্ধে গৃহীত সকল প্রশাসনিক পদক্ষেপ অবিলম্বে পর্যালোচনা করা।
২. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।
৩. অতীতের অপব্যবহার বা অনৈতিক সাংবাদিকতার অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তি করা।
সংগঠনটি জানায়, একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যম অপরিহার্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য নয় রাষ্ট্র ও জনগণের স্বার্থই হওয়া উচিত সাংবাদিকতার একমাত্র মানদণ্ড।
গণতন্ত্র ও ন্যায়বিচারের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনগণ তাদের সাংবিধানিক ও শান্তিপূর্ণ অধিকার প্রয়োগে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন