হামলাকারীরা ওসমান হাদির আদর্শের হতে পারে না: কনকচাঁপা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যে হামলা, ভাঙচুর, নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা তাঁর আদর্শের সঙ্গে কোনো মিল রাখে না বলে মন্তব্য করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় যারা দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা, ভাঙচুর, নৈরাজ্য ও অগ্নিসংযোগ করেছেন, তারা কখনোই ওসমান হাদির আদর্শের হতে পারে না। ওসমান হাদি বারংবার বলেছেন, ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’। এছাড়া তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ভালো সংস্কৃতি সৃষ্টি করতে আহ্বান জানাতেন।”
কনকচাঁপা আরও বলেন, “শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহে ধ্বংসাত্মক কার্যকলাপ যারা করেছেন, তারা কখনো শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে একজন সনাতন ভাইকে একটি গোষ্ঠী ধর্ম অবমাননার অভিযোগে নৃশংসভাবে হত্যা করেছে। যদি তিনি সত্যিই এমন কিছু করে থাকেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ন্যায়বিচার হওয়া উচিত ছিল। আইন নিজের হাতে নেওয়া কখনো ধার্মিক মানুষের কাজ হতে পারে না।”
তিনি দেশের সর্বস্তরের মানুষকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে অনুরোধ জানিয়ে বলেন, “কোনো ষড়যন্ত্রকারীর উসকানি, গুজব বা ইন্ধনে দেশ ও দেশের মানুষকে ক্ষতি করবেন না।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন